অবশেষে শ্রীবরদী উপজেলার ৯৪ বছর বয়সী হত দরিদ্র বৃদ্ধা মমিরন বয়স্ক ভাতা কার্ড হাতে পেয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর বৃদ্ধা মমিরনের হাতে বয়স্ক ভাতার কার্ডটি তুলে দেন।
বয়স্ক ভাতা কার্ড তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার, উপজেলা পল্লী দারিদ্র কর্মকর্তা মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. আব্দুল বাতেন প্রমুখ।
উল্লেখ্য বৃদ্ধা মমিরনকে নিয়ে ২ এপ্রিল মঙ্গলবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘শ্রীবরদীতে ৯৪ বছর বয়সেও জোটেনি বয়স্ক বা বিধবা ভাতা।’ সংবাদটি প্রকাশের পর তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রশাসন বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই বৃদ্ধার কথা জানতে পারি। পরে দ্রুত সময়ের মধ্যে কার্ড করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি।
ইত্তেফাক/অনি

