এশিউর কোম্পানির হাত থেকে ফসলি জমি রক্ষার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন শতাধিক কৃষক। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ভুক্তভোগী কৃষকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও গণস্বাক্ষর দিয়েছেন।
এছাড়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাব, উপজেলা ভূমি অফিস ও স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে স্থানীয় কৃষক মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, মোজাম্মেল দেওয়ান, হযরত আলী, লালচাঁন, লিটন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, ‘ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম, ভালকুটিয়া ও বালিয়াখোড়া এই তিনটি গ্রামের মধ্যকার বেশ কিছু ফসলি জমি থেকে বিক্ষিপ্তভাবে এশিউর কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান মাটি কেটে নিচ্ছে। এছাড়া ওই কোম্পানি ক্ষেতের মধ্য দিয়ে তাদের কেনা জমিতে অনাকাঙ্ক্ষিত কাঁটাতারের বেড়া দিয়ে কৃষকদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। কিছু জায়গায় ফসলি জমি খনন করে মাটি উত্তোলনের ফলে পার্শ্ববর্তী ফসলি জমিগুলো ভেঙ্গে যাচ্ছে ‘
আরও পড়ুনঃ বন্দরে দেওয়াল ধ্বসে স্কুলছাত্রী নিহত
কৃষকেরা আরও বলেন, ‘কিছু দালাল চক্রের মাধ্যমে কোম্পানি সাধারণ কৃষকদের জমি স্বল্পমূল্যে ক্রয়ের জন্য এভাবে বিক্ষিপ্তভাবে মাটি কেটে কৃষকদের চাষাবাদে সমস্যার সৃষ্টি করে। সেইসঙ্গে অনেক কৃষককে জমি বিক্রির জন্য ভয়ভীতিও দেখাচ্ছে। কাঁটাতারের বেড়া দেওয়ার কারণে স্থানীয়রা কবরস্থানেও যেতে পারছে না। অবিলম্বে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।’
ইত্তেফাক/নূহু

