আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৬:২৩

পাবনার আতাইকুলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সামাদ আলী (৬০) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত সামাদ সাদুল্লাপুর গ্রামের মৃত জেলেমের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭টার দিকে থানার তেলিগ্রামে। নিহতের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছে।

মামলা সুত্রে জানা যায়, আতাইকুলা থানার সাদুল্লাপুর গ্রামের সামাদ আলীর সঙ্গে প্রতিবেশী আজির গংদের দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আজিরের লোকজন সামাদ আলীকে (৬০) পিটিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুপুরে একই গ্রামের ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলো আজির উদ্দিন, জহুরুল ও মহসিন। নিহত সামাদ আলীর মেয়ে রোজিনা বাদী হয়ে ৯ জন নামীয়সহ কয়েকজন অজ্ঞাতদের নামে মামলা দায়ের করছেন।

আরও পড়ুনঃ গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা গবিন্দ কর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। তাদের উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল।

ইত্তেফাক/নূহু