কেশবপুরে বন্ধুর শিশু মেয়েকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৮:৩৬

যশোরের কেশবপুরে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। থানা পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। আহত অবস্থায় শিশুটিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফরেনসিক পরীক্ষার জন্য ওই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আজ রবিবার সকালে উপজেলার আলতাপোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেছেন। 

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে বন্ধুর ৫ বছর বয়সী মেয়েকে ফুসলিয়ে মাছের ঘেরের টং ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই সময় এলাকাবাসী ধর্ষককে পিটুনি দিয়ে আটক করে কেশবপুর থানা পুলিশকে খবর দেন। 

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী ও পিএসআই অনুপম রায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ভেরচী গ্রামের মৃত ইনছার আলির ছেলে ধর্ষক নজরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে। 

থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, ‘শিশুর মা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন।’ 

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আহসান মিজান রুমি জানান, ‘ওই শিশুকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

আরও পড়ুন: ছাত্রী যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষককে আন্দোলনের মুখে বহিষ্কার

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই হাসপাতালেই তার ফরেনসিক পরীক্ষা করানো হবে।

ইত্তেফাক/কেকে