চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাঁহাপুর গ্রামে আপন ভাই ও ভাতিজার হাতে নির্মমভাবে খুন হয়েছেন আব্দুল খালেক ( ৬৫) নামের এক বৃদ্ধ। জমিজমার মাপ নিয়ে বিরোধে জড়িয়ে পিতা ও ছেলে মিলে আব্দুল খালেককে পিটিয়ে হত্যা করে। রবিবার দুপুর দুইটার দিকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক ভেদামারি গ্রামের মৃত নুরবক্স মণ্ডলের ছেলে। ওই মারামারিতে আব্দুল খালেকের আরো দুই ভাই আব্দুল মজিদ ও আব্দুস সাত্তার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, জাঁহাপুর সড়ক সংলগ্ন একটি জমির মাপজোক চলছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল লতিফ তার আপন বড় ভাই আব্দুল খালেককে লাঠি দিয়ে পিটিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। এ পর্যায়ে লতিফের বড় ছেলে একরামুল মুমূর্ষু চাচা আব্দুল খালেকের গলার ওপর পা তুলে দাঁড়িয়ে থেকে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খালেকের ছোট ভাই মজিদ ও সাত্তার বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়।
আরও পড়ুনঃ গুরুদাসপুরে কৃষকের হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষ
আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির জানান, ‘জমিজমার মাপজোক নিয়ে বিরোধে হত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি লতিফ ও একরামুলকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।’
ইত্তেফাক/নূহু

