নওগাঁয় চার লেনের কাজ শেষ না হতেই রাস্তায় ফাটল

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৫:৩৫

নওগাঁয় চারশ ৩৮ কোটি টাকা ব্যয়ে রাজশাহী-নওগাঁ চার লেনের (৩৪ ফুট প্রশস্ত) কাজ শেষ হওয়ার আগে রাস্তায় চারটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ঘটনাটি জানা জানি হলে ঠিকাদারের লোকজন তড়িঘড়ি করে রাস্তার ওই অংশ গুলো মাটি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছেন। স্থানীয়দের অভিযোগ, সওজের কর্মকর্তার যোগসাজশে ঠিকাদার মনির সিডিউল মোতাবেক কাজ না করায় এই ফাটল দেখা দিয়েছে।
 
স্থানীয়রা জানান, ঠিকাদারের লোকজন তড়িঘড়ি করে ফাটলের স্থানে মাটির প্রলেপ দিতে থাকেন। এ সময় ছবি তুলতে গেলে তারা বাধা দেন। 

শনিবার জেলার মান্দার চৌদ্দ মাইল মোড় হতে সাবাইহাট পর্যন্ত এক কিলোমিটারের মধ্যে অন্তত চারটি স্থানে  নতুন রাস্তার ফাটল দেখা গেছে। ওই ছবি গুলো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

তড়িঘড়ি করে রাস্তার ফাটলের অংশ গুলো মাটি দিয়ে ঢেকে দেয় ঠিকাদারের লোকজন।

নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ১৪ মে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নতকরণ কাজ উদ্বোধন করা হয়। নওগাঁ সদর উপজেলার ঢাকা মোড় থেকে রাজশাহী বিমানবন্দর এলাকা পর্যন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মোট ৭৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ করা হবে। ১২টি প্যাকেজে প্রকল্প বাস্তবায়ন করতে ব্যয় ধরা হয়েছে চারশ ৩৮ কোটি টাকা। এর মধ্যে দুইশ ৮৭ কোটি টাকা ব্যয়ে ৯টি প্যাকেজ বাস্তবায়ন করছে নওগাঁ সওজ বিভাগ। বাকি তিনটি প্যাকেজের বাস্তবায়ন করছে রাজশাহী সওজ বিভাগ। 

আরো পড়ুন: ফেনীর দগ্ধ মাদ্রাসাছাত্রী লাইফ সাপোর্টে

কাজে কোনো অনিয়ম হয়নি দাবি করে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান, এটি খুব সামান্য ব্যাপার। দ্রুত তা সমাধানের জন্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঠিকাদার মনির সঙ্গের কথা বলা সম্ভব হয়নি।

জেলা প্রশাসক মিজানুর রহমান ইত্তেফাককে জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/অনি