জয়পুরহাটে শিশু নুরুন্নবী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:২৪

জয়পুরহাটের চকবরকত দ্বীনে মার্কাজ এতিম খানার আবাসিক ছাত্র নুরুন্নবীকে হত্যা মামলার রায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। উভয়কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) ড. এবিএম মাহমুদুল হক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত দুইজন হলেন, জয়পুরহাট সদর উপজেলার আরজী জগদিশপুর গ্রামের ফেরদৌস আলমের পুত্র নূর আলম হোসেন সনি (১৮) ও পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামের নিজাম উদ্দিনের পুত্র মাহবুব আলম বুলবুল (১৮)।

আদালত সুত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার চকবরকত গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে নুরুন্নবী (১১) দ্বীনে মার্কাজ এতিমখানায় থেকে পাশের একটি আলিয়া মাদরাসাতে ৫ম শ্রেণীর ছাত্র হিসেবে পড়াশুনা করতো। ২০০৭ সালের ২ নভেম্বর রাতে সে মাদরাসা থেকে নিখোঁজ হয়।

পরদিন সকালে মাদরাসার পিছনে জনৈক হোসেন আলীর পারিবারিক কবরস্থানের পাশ থেকে নুরুন্নবীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নুরুন্নবীর হাত-পা ও মূখ গামছা দিয়ে বাধা এবং পেটে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। 

এ ঘটনায় নিহতের পিতা তায়েজ উদ্দিন মন্ডল বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পুলিশ অনুসন্ধান চালিয়ে এতিম খানায় একসঙ্গে থাকা ওই মাদরাসার ছাত্র নুর আলম হোসেন সনি (১৮) ও  মাহবুব আলম বুলবুলকে (১৮) আটক করে। এরা দুজন ৯ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আরও পড়ুনঃ সোনাগাজীতে আবারও আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল ওহাব  ৩০ নভেম্বর ২০০৭ আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত ২১ জনের স্বাক্ষ্য গ্রহণসহ দীর্ঘ শুনানী শেষে আজ বৃহষ্পতিবার এ রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. মোস্তাফিজুর রহমান।

ইত্তেফাক/নূহু