মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৯, ১৫:৪৭

মাদারীপুর সদর উপজেলার সিকিনওহাটা গ্রাম থেকে বুধবার মাদারীপুর সদর মডেল থানা পুলিশ খাদিজা বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে। নিহতের পরিবারের দাবি খাদিজাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা গ্রামের রব মাতুব্বরের ছেলে সিরাজুল মাতুব্বরের (২২) সঙ্গে বড় খালপাড় গ্রামের মজিদ মোল্লার মেয়ে খাদিজা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্নভাবে যৌতুকের টাকা দাবি করে আসছিল। একাধিকবার তাকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে। কিছুদিন আগে খাদিজার ভাই বিদেশ থেকে দেশে ফেরার পর থেকে কয়েকদিন যাবত টাকার জন্য স্বামীসহ ননদরা মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে।

চারদিন আগে তাকে শারীরিক অত্যাচার করায় স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায়। গতকাল বিকালে খাদিজার বাবার বাড়িতে ননদের স্বামী মো. কালন গিয়ে তাকে নিয়ে আসে। এরপর বুধবার দুপুরে খাদিজার স্বামীর বাড়িতে ঘরের বাইরে তালা মারা অবস্থায় ঘরের পিছনের বারান্দার ফ্যানের লাঠির সঙ্গে গলায় ওড়না দিয়ে বাধা ঝুলন্ত অবস্থায় খাদিজাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে চলন্ত ট্রাক সিএনজি স্ট্যান্ডে, নিহত-১

মাদারীপুর সদর থানার এসআই মেহেদী হাসান বলেন, আমরা জানতে ঘটনাস্থলে এসেছি। আসার আগেই ঝুলন্ত লাশ ওড়না কেটে নিচে নামানো হয়েছে। প্রাথমিক অবস্থায় বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা। আমরা লাশটি ময়নতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি।

ইত্তেফাক/নূহু