শরণখোলায় সাউদখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে আছে দীর্ঘদিন। এ অবস্থায় ঘূর্ণীঝড় ফণী ধেয়ে আসছে। ফণীর কারণে জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছেন দেড় হাজার পরিবার।
বগী ওয়ার্ডের সাউদখালী ইউপি মেম্বার মো. রিয়াদুল পঞ্চায়েত জানান, বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় ঘূর্ণীঝড় ফণীর জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে প্রায় দেড় হাজার পরিবার। ঝড়ের কারণে জলোচ্ছ্বাস হলে গ্রামাঞ্চল ডুবে ওই এলাকার মানুষ ব্যাপক ক্ষতির সম্মূখীন হবে।
উল্লেখ্য, গত ২২ মার্চ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শরণখোলার ৩৫/১ পোল্ডারের বগী বেড়ি বাঁধের ১০০ মিটার ভেঙে দেড় মাস ধরে জোয়ারের পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। কয়েকশত পরিবার মানবেতর জীবনযাপন করছে।
অধিক ঝুঁকিপূর্ণ এবং ভাঙনকবলিত এলাকা হচ্ছে সাউথাখালী ইউনিয়নের বগী ও দক্ষিণ সাউথখালী অংশ। এখানকার প্রায় দুই কিলোমিটার বাঁধ প্রতিমুহূর্তে বলেশ্বর নদীতে বিলীন হচ্ছে। গত ১০ বছরে এ দুই গ্রামের হাজার হাজার ঘরবাড়ি, শত শত একর ফসলী জমি বলেশ্বর গ্রাস করেছে। দুটি গ্রামের প্রায় তিনভাগের দুইভাগই বলেশ্বর গিলে খেয়েছে।
আরও পড়ুনঃ পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এ ব্যাপারে বাপাউবোর ‘সিইআইপি’ প্রকল্পের খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম মুঠোফোনে বলেন, ‘বগীর ভাঙ্গণ এলাকায় জরুরী ভিত্তিত্বে রিং বাধ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে একটি ক্লোজ করা হয়েছে অপরটি দ্রুত হয়ে যাবে।’
ইত্তেফাক/নূহু

