গৌরীপুরে অগ্নিকাণ্ডে কৃষকের বাড়ি ও গবাদি পশু ভস্মীভূত

আপডেট : ১১ মে ২০১৯, ১৬:১৭

ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসত ঘর ও মালামাল এবং গবাদি পশু পুড়ে গেছে। আগুনে তার গোয়াল ঘরে থাকা ৩টি গরু ও ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। একটি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরীপুর উপজেলা পূর্ব কোনাপাড়া গ্রামে কৃষক আলী নেওয়াজ মুন্সির (৭০) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক আলী নেওয়াজের ছেলে মোস্তফা (২৯) জানান, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে নিমিষেই তাদের একটি বসত ঘর, ঘরের সম্পূর্ণ মালামাল, ধান চাউল এবং গোয়াল ঘর পুড়ে গেছে। এ সময় গোয়াল ঘরে থাকা ৩টি গরু, ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং একটি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। অগ্নিদগ্ধ গবাদিপশুগুলোর অবস্থা আশংকাজনক। এ ঘটনায় তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কোনো কিছু বলতে পারেনি তিনি। 

আরও পড়ুন: গরমে ছড়িয়ে পড়ছে রোগ, হাসপাতালে ভিড়

ইত্তেফাক/কেকে