আড়াইহাজারে কিশোরীকে গণধর্ষণ, অবস্থা সংকটজনক

আপডেট : ১৭ মে ২০১৯, ১৭:১৮

আড়াইহাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর ওই কিশোরীকে পিটিয়ে আহত করেছে ধর্ষকরা। গত ১৬মে বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারগাও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় শাহিন ও আনোয়ার নামের ২জনকে গ্রেফতার করেছে।

ধর্ষণের শিকার নারীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় এক মজুরের কিশোরী কন্যাকে (১৭) রাস্তায় একা পেয়ে চার যুবক ওই কিশোরীর মুখ চেপে ধরে বাড়ির পাশে খালি মাঠে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। কিশোরীটি এক পর্যায়ে চিৎকার করলে ধর্ষকরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তাদের নাম না বলতে ওই কিশোরীকে হুমকি দিয়ে যায়।

পরে ওই কিশোরী বাড়িতে এসে তার পরিবারের কাছে ঘটনাটির বর্ণনা করলে শুক্রবার দুপুরে ধর্ষিতার পিতা আড়াইহাজার থানায় চার ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। 

অভিযুক্তরা হলো, নরসিংদী জেলার তাওড়া এলাকার শাহিন (১৮), উপজেলার উপজেলার চারগাও এলাকার সরফত আলীর ছেলে আক্তার হোসেন (২৫), রতন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২০) ও কাউসার(২৫)। এর মধ্যে শাহীন ওই  কিশোরীর বোনের দেবর বলে জানা যায়।

আরও পড়ুন: ঘোড়াঘাটে ৫শ বোতল ফেন্সিডিলসহ ২জন আটক

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত শাহিন ও আনোয়ারকে গ্রেফতার করেছে। আড়াইহাজার থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং ধর্ষণের সঙ্গে জড়িত ২জনকে গ্রেফতার করেছে। খুব দ্রুত বাকিদেরও গ্রেফতার করা হবে।

ইত্তেফাক/নূহু