খুলনায় মিনি পিকআপের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক পথচারি (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার রূপসা বাইপাস সড়কের কার্ত্তিককুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ এবং দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধার করেছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খানজাহান আলী (র.) সেতুগামী একটি ট্রাক রূপসা বাইপাস রোড দিয়ে যাওয়ার সময় আফিলগেটগামী একটি মিনি পিকআপকে (খুলনা মেট্রো-ন-১১-১২৪৫) ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী গাছে আঘাত করে। এ সময় অজ্ঞাতনামা এক পথচারী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। তবে, ঘটনার পর পরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।
আরও পড়ুন: শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না মৌ আক্তারের
এদিকে, সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আড়ংঘাটা থানার এসআই সাগর জানান, নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে, তিনি পথচারি হতে পারেন।
ইত্তেফাক/এমআরএম

