নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০১৯, ০৯:৪১

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে ঈদের দিন গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রী আয়শা আক্তারের ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আয়শা আক্তার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার আব্দুল মজিদের মেয়ে। ঘিওর উপজেলার তরা এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে সংকেত ৩

ইউপি সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঈদের দিন সকালে তিনজনের সাথে তরা এলাকায় কালীগঙ্গা নদীতে গোসল করতে যান আয়শা। এসময় স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান তিনি। প্রথমে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও কোনো সন্ধান তার পাওয়া যায়নি। শুক্রবার সকালে ঘটনাস্থলের ২০০ গজ দূরে তরা ব্রিজের পাশে আয়শার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে। আয়শা আক্তার এ বছর এসএসসি পাস করে সাভারের একটি কলেজে ভর্তি হন।

ইত্তেফাক/এমআরএম