মানসিক প্রতিবন্ধীকে বেধড়ক পিটুনি

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৯:৪০

কিশোরগঞ্জের তাড়াইলে চুরির অপবাদে মানসিক প্রতিবন্ধী এক যুবককে শারীরিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মোশাররফ হোসেন (১৯) মানসিক প্রতিবন্ধী। সে তাড়াইল উপজেলার শামুকজানি দক্ষিণপাড়া গ্রামের কেন্তু মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাকে বেঁধে রাখা হতো। ঈদে বাঁধন খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার ( ৬ জুন) সকালে সকলের অগোচরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। 

সকাল নয়টায় বাড়ির লোকজন জানতে পারেন, দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের অবসর প্রাপ্ত  কাস্টম কর্মকর্তা এমআর খান সাহানের বাড়িতে মোশাররফকে আটকে রেখে বেদম পেটানো হচ্ছে।  

পরে তারা সেখানে গিয়ে দেখেন, পিঠমোড়া করে ও পায়ে রশি দিয়ে বেঁধে মোশাররফকে লাঠিপেটা করা হচ্ছে। তার চিৎকারে লোকজন জড়ো হলেও কেউ ছাড়িয়ে আনার সাহস পায়নি। 

কারণ জানতে চাইলে মোশাররফের বাড়ির লোকজনদের জানানো হয় চুরি করতে সে ছাদে উঠে ছিলো। মামলা না করার শর্তে একটি সাদা কাগজে সই রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে তাড়াইল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বাবার কোল থেকে বাসের চাকার নিচে

এ ব্যাপারে মোশাররফের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদি হয়ে বাড়ির কেয়ারটেকার সাজ্জাদ হোসেন হিটলার, আলম ও বাড়ির মালিক এমআর খানসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন।   

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, সাজ্জাদ হোসেন হিটলারকে গ্রেফতার করে শুক্রবার কোর্টে চালান দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/অনি