পারিবারিক কলহকে কেন্দ্র করে নাজমা বেগম (২৫) নামে এক সন্তানের জননীকে তার পাষণ্ড স্বামী গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে শিবপুর উপজেলার কারাচর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত নাজমা বেগমের স্বামী নজরুল ইসলাম ওই গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতো। নজরুল ইসলাম একজন গার্মেন্টস কর্মী। অভাবের সংসারে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। ঘটনার দিন রাতে নজরুল ইসলাম তার স্ত্রী নাজমা বেগমের নিকট ৫ হাজার টাকা চায়। নাজমা এতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে পাষণ্ড স্বামী নাজমা বেগমকে দা দিয়ে গলাকেটে হত্যা করে বাইরে থেকে ঘরের দরোজা বন্ধ করে পালিয়ে যায়। ভোরে নাজমা বেগমের ৮ মাস বয়সী একমাত্র সন্তানের চিৎকারে আশেপাশের লোকজন এসে দরোজা খুলে নাজমা বেগমের লাশ দেখতে পায়।
বিষয়টি শিবপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু
শিবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু

