ঈদ শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ রাজধানী ঢাকাসহ তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। শনিবার সকাল থেকে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে মানুষের চাপ লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটেও যাত্রীদের ভিড় দেখা গেছে।
বিআইডব্লিওউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বাড়লেও ২০টি ফেরি চালু থাকায় যানবাহন ও যাত্রী পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। ফেরি ও লঞ্চ সার্ভিস স্বাভাবিক রয়েছে। কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছেন।
এদিকে, পাটুরিয়া লঞ্চঘাট শাখা সুপারভাইজার পান্না লাল নন্দী জানান, ভোর থেকে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে পাটুরিয়া ও আরিচা লঞ্চঘাট এলাকায়। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৪টি লঞ্চ রয়েছে। যাত্রীর চাপ বেশি থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২৪টি লঞ্চ চলাচল করছে। বাকিগুলো রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটে।
আরও পড়ুন: গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ৩৬ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া ও আরিচা লঞ্চঘাটে কর্মমুখী মানুষের বাড়তি চাপ আছে। তবে তাদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় সংখ্যক যাত্রীবাহী গাড়ী থাকার কারণে যাত্রী পরিবহনে কোনো ভোগান্তি নেই।
ইত্তেফাক/অনি

