মনোহরদী থানা পুলিশ সোমবার সকালে শেখ শাহিন (২৭) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে। উপজেলার দশদোনা এলাকার বিজিএল ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। শেখ শাহিন একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের শেখ মিলনের পুত্র।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় কয়েকজন মহিলা ইটভাটা ও তার আশপাশে লাকড়ি কুড়াতে যায়। এ সময়ে ইটভাটার শ্রমিকদের থাকার পরিত্যক্ত একটি ঘরে মানুষের লাশ দেখতে পেয়ে তারা হৈ চৈ শুরু করে। পরে তারা মনোহরদী থানা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: যাত্রীকে পিষে মারা পলাতক চালক রোকন আটক
মনোহরদী থানার উপ-পরিদর্শক মীর সোহেল রানা সাংবাদিকদের বলেন, লাশের খবর পেয়ে সঙ্গীয় পুলিশ নিয়ে দশদোনার বিজিএল ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে কয়েকটি ইয়াবা ট্যাবলেট ও নেশা জাতীয় সিরাপের বোতল পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দাখিল করেনি।
ইত্তেফাক/নূহু
