কাজিপুরে চরাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:২৪

সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে অটোরিক্সার চাপায় এক শিশু মৃত্যুর ঘটনায় চালককে জরিমানা করার জেরে পরিবহন মালিকেরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো বন্ধ করে দিয়েছেন। এতে করে চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের লোকজন চলাচলে সীমাহীন দূর্ভোগে পড়েছে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে চরের রূপসা বাজার থেকে নাটুয়ারপাড়াগামী যাত্রী বোঝাই একটি অটোরিক্সা পানাগাড়ি বাজার পৌঁছে রাসেদ নামে দুই বছরের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় শালিশী বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ অটোচালক আমির হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করে। এই জরিমানার জের ধরে চরাঞ্চলে চলাচলরত অটোরিক্সা ও দুই শতাধিক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সদস্যগণ অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। 

চরের পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তোজাম মণ্ডল জানান, 'গাড়ির দুর্ঘটনা হতেই পারে, কিন্তু একজন অটোরিক্সা চালকের তিন লাখ টাকা জরিমানা মেনে নেওয়া যায়না। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।'

এদিকে বিচারককাজে অংশ নেওয়া  তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ জানান,  'আমরা একটা রায় ঘোষণা করেছি। যদি রায় না মানে সে কথা আমাদের বলতে হবে। এভাবে পরিবহণ বন্ধ করাটা ঠিক হয়নি।'

আরও পড়ুন:  মহাসড়কের পাশে গাড়িচালকদের জন্য বিশ্রামাগার স্থাপন করা হবে: কাদের

চরাঞ্চলের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আমরা পুরো রাস্তাঘাটের উপর নজর রেখেছি।' ধর্মঘটের কারণে গোটা চরাঞ্চলের মানুষের যাতায়াতে ও পণ্য পরিবহণে চরম বিড়ম্বনায় পড়েছে। তবে জরিমানা ও ধর্মঘটের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক চলছে।

ইত্তেফাক/জেডএইচডি