এরতেজার বিরুদ্ধে এমপি জগলুলের ১০ কোটি টাকার মানহানি মামলা

আপডেট : ২০ জুন ২০১৯, ১৯:১২

রাজধানী ঢাকাস্থ দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও আংশিক কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। মামলাটির  দুই নম্বর বিবাদী হয়েছেন সংশ্লিষ্ট পত্রিকার রিপোর্টার উৎপল দাস। বৃহস্পতিবার সাতক্ষীরার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মামলাটি দাখিল করা হয়। 

ভারপ্রাপ্ত বিচারক মোকলেছুর রহমান শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে জবাব দাখিলের জন্য সমন জারির নির্দেশ দেন। ২৫ জুলাই মামলাটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। 

আরও পড়ুন:  বিদেশি সংস্থার উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

মামলার বাদী আওয়ামী লীগ সংসদ সদস্য এসএম জগলুল হায়দার তার আর্জিতে উল্লেখ করেন, তার বিরুদ্ধে কিছু অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক রিপোর্ট তৈরি করে তা দৈনিক ভোরের পাতায় ১৬ জুন, ১৭ জুন ও ১৯ জুন প্রকাশ করা হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক মানহানি হয়েছে। তিনি এর আইনগত প্রতিকারের পাশাপাশি  ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। বাদীর পক্ষে মামলাটি দাখিল করেন এড. কুন্ডু তপন কুমার।

ইত্তেফাক/জেডএইচডি