ক্যান্সার প্রতিরোধক বিনামুগের বাম্পার ফলন

আপডেট : ২২ জুন ২০১৯, ১০:০৪

৪ জেলায় পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত ওষধি গুনে ভরা বিনামুগ-৮ এর বাম্পার ফলন হয়েছে। প্রতি হেক্টরে এ জাতের মুগ ১.৭ টন ফলন পেয়ে কৃষক লাভবান হয়েছে বলে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র জানিয়েছে। 

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র জানায়, বিনার হাওর, চর, দক্ষিণাঞ্চল ও বরেন্দ্র এলাকার উপযোগী ফসলের জাত ও ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং অভিযোজন কর্মসূচী আওতায় গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলার ১৫০ একর জমিতে এ জাতের মুগ ডালের ৩শ’ প্রদর্শনী প্লট করে কৃষক। এসব কৃষককে বিনামূল্যে বীজ, সার, ও কীটনাশক দিয়েছে বিনা। পাশাপাশি মুগ চাষাবাদের কলাকৌশল শেখানো হয়েছে। দেওয়া হয়েছে প্রশিক্ষণ ও পরামর্শ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কৃষক সঞ্জিত মণ্ডল বলেন, স্থানীয় জাতের মুগ চাষ করে হেক্টরে ৬ শ’ কেজি ফলন পাওয়া যায়। কিন্তু বিনামুগ-৮ চাষ করে ১.৭ টন ফলন পেয়ে লাভবান হয়েছি।  এ জাত পরিবেশ সহনশীল। এতে পোকা মাকড়ের আক্রমণ কম হয়। এ কারণে উৎপাদন খরচও কম লেগেছে। আমার দেখাদেখি আশপাশের অনেক কৃষক আগামী বছর এ মুগ চাষের আগ্রহ প্রকাশ করেছেন।

আরো পড়ুন: আন্দোলনকারী নারীর গায়ে হাত, ব্রিটিশ প্রতিমন্ত্রী বরখাস্ত

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ বলেন, এ মুগে মাংসের সমান, ডিমের দ্বিগুণ ও দুধের চেয়ে ৭ গুন বেশি প্রোটিন রয়েছে। এতে ক্যান্সার ও রক্তের উচ্চ চাপ প্রতিরোধক এ্যামাইনো এসিড আছে। তাই ক্যান্সার প্রতিরোধ করে ও হার্টকে সুস্থ রাখে। এ ডাল ম্যালিগ্রান্ট টিউমার প্রতিরোধক এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এন্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস প্রতিরোধ করে। এর ভিটামিন বি-১, বি-৫, বি-৬ ও সিএ দেহের ওজন কমায়। মানব দেহের জন্য প্রাণীজ আমিষের চেয়ে উদ্ভিজ্জ আমিষ ভালো।

টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজ আলম বলেন, বিনা উদ্ভাবিত মুগসহ বিভিন্ন জাতের ফসলের আবাদ করে কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হচ্ছেন। তাই কৃষকদের মধ্যে বিনার জাত আবাদে দিন দিন আগ্রহ বাড়ছে। 

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বেলাল হোসেন বলেন, আমাদের উদ্ভাবিত জাত পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সর্বোচ্চ ফলন দিতে সক্ষম। বিনামুগও তাই বাম্পার ফলন দিয়েছে। গোপালগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে এ বিনা উদ্ভাবিত জাতের চাষাবাদ সম্প্রসারণ করে আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছি। 

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ হরলাল মধু বলেন, বিনা  গোপালগঞ্জ ও আশপাশের জেলা গুলোর কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এটি আমাদের কৃষক ও কৃষির জন্য সুখবর।

ইত্তেফাক/জেডএইচ