উপবন এক্সপ্রেসের তিনটি বগি খালে, ৫ জনের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:৩৭

মৌলভীবাজারের কুলাউড়ায় কালভার্ট ভেঙে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের তিনটি বগি খালে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবরে ইতিমধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পানির নিচে আরও অনেকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রবিবার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয়রা জানান, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ব্রিজ থেকে নিচে খালের পানিতে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় অনেকে নিহত হয়েছে।

ফায়ার সার্ভিস ইতিমধ্যে ঘটনাস্থলে পৌছেছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি। তিনি জানান উদ্ধার কাজ চলছে তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে। হতাহতদের উদ্ধার করে সিলেট ও মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু