কক্সবাজারের টেকনাফে গ্রামীণ জনপদ ও শরণার্থী ক্যাম্পে সম্প্রতি ছোরা ব্যবহার করে চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনের লক্ষ্যে পুলিশ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক দেশি-বিদেশি ছোরা জব্দ করেছে।
শুক্রবার রাতে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার বার্মিজ মার্কেটসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব ছোরা জব্দ করেন।
আরও পড়ুন: যা আছে রিফাত হত্যাকাণ্ডের মামলায়
স্থানীয়রা জানায়, ছিনতাইকারী চক্রের পাশাপাশি এখন সংঘবদ্ধ অপরাধীরা বিভিন্ন হাট-বাজার থেকে এসব ধারালো অস্ত্র সংগ্রহ করে নানা অপরাধ করে আসছে। যার ফলে আইন-শৃংখলা পরিস্থিতি ব্যাহত হওয়ার উপক্রম হয়। এই জাতীয় ধারালো অস্ত্র দিয়ে গত ২১জুন হ্নীলা পশ্চিম পানখালীর ইদ্রিসের ছেলে দুই সন্তানের জনক মোঃ ইসমাঈলকে (২৫) প্রকাশ্যে ছুরি দিয়ে জবাই করে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, এসব অপরাধ দমনে সবাইকে সর্তক করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানান।
হ্নীলা বাস স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, প্রতি সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পের যুবকরা এসব ধারালো অস্ত্রের সন্ধান করে।
এছাড়া উপজেলার হোয়াইক্যং এবং বাহারছড়ার বিভিন্ন দোকান থেকে রোহিঙ্গা যুবকরা এসব ধারালো ছোরা সংগ্রহ করে বলে স্থানীয়রা জানায়।
ইত্তেফাক/এমআরএম
