সাভারের আশুলিয়ায় ধর্ষণের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী। ওই ছাত্রীকে ধর্ষণের দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিল তার প্রেমিক তানভীর রায়হান (৩৫)। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী থানায় মামলা দায়ের করলে শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অভিযুক্ত প্রেমিক তানভীর রায়হানকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃত তানভীর রায়হান ভোলা জেলার চর ফ্যাশন থানার জিন্নাঘর এলাকার বশির হাওলাদালের ছেলে। সে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে একটি ভাড়া বাড়িতে থেকে ব্যবসা করতো বলে জানা গেছে। ভুক্তভোগী ওই ছাত্রী আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তিন বছর আগে এক বন্ধুর মাধ্যমে অভিযুক্ত রায়হানের সঙ্গে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভন দেখিয়ে আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে রায়হান। পরবর্তীতে মোবাইল ফোনে ওই শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সে। সর্বশেষ গত ১৭ জুন দুপুরে ওই ছাত্রীর বাবা-মা দুজনেই বাহিরে থাকায় অভিযুক্ত রায়হান আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ওই ছাত্রীর ভাড়া বাসায় আসে। এ সময় আবারও ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
আরও পড়ুন: পাকিস্তানের লক্ষ্য ২২৮
বিষয়টি ওই ছাত্রী তার স্বজনদের জানালে তাদের পরামর্শে শুক্রবার রাতে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে ওই ছাত্রী। পরে শনিবার সকালে অভিযুক্ত ধর্ষক তানভীর রায়হান আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছিলো তানভীর রায়হান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত তানভীরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি

