আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’-এ যোগ দিতে দুদিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে আসছেন। বুধবার দুপুরে হেলিকপ্টার যোগে ক্যাম্প-২০'র মাঝে করা হেলিপ্যাডে তার অবতরণ করার কথা রয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী রবিন এ সব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকায় চলমান আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’-এ যোগ দিতে আসা বিশ্বনেতারা দু'ভাগে বিভক্ত হয়ে দেশের জলবায়ু পরিস্থিতি দেখবেন। এদের মাঝে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি দল নিয়ে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত পরিবেশ ও জলবায়ুর ক্ষতিগুলো অবলোকন করতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আসছেন। ক্যাম্প-২০তে হেলিকপ্টারে নেমে কুতুপালং ক্যাম্প সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে এসে দূর্যোগ ভোলান্টিয়ার ও স্থানীয় জনতার সাথে কথা বলবেন তিনি। সেখান থেকে যাবেন ক্যাম্প ১৭তে অবস্থিত রোহিঙ্গা কো-অডিনেশন মিটিংস্থলে। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করেই আবার ফিরে যাবেন ঢাকায়।
ইউএনও আরো বলেন, বান কি মুনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন। তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের পরিবেশমন্ত্রী, ত্রাণ ও দূযোগ ব্যবস্থাপনামন্ত্রী, পরিবেশ সচিবসহ পদস্থ ২৭ জনের একটি টিম আসার কথা রয়েছে।
বান কি মুনদের আগমনের প্রস্তুতি উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে উখিয়ার কুতুপালং ১৭ নাম্বার ক্যাম্প ইনচার্জের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেজর মুনতাসির, কক্সবাজারের অতিরিক্ত আর আর আরসি শামসুদ্দোজা, উখিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাহিয়ান আদনান তাইয়্যান, উখিয়া উপজেলা নিবাহী র্কমর্কতা মো. নিকারুজ্জামান চৌধুরী রবিন ও ক্যাম্প ইনচার্জ ওবায়দুল্লাহ।
ইত্তেফাক/ইউবি

