ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পূর্ব শালীহর গ্রামে প্রায় দুই মাস যাবত আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়ে আছে। ভেঙে পড়া খুঁটির সঞ্চালন লাইনে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় এলাকার কৃষক ও পথচারীরা আতঙ্কে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে বিষয়টি বিদ্যুৎ অফিসের লোকজনকে জানানো হলেও তারা খুঁটি সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অপরদিকে, বিদ্যুৎ অফিস বলছে, গ্রামের লোকদের বিবাদের কারণে তারা খুঁটি ঠিক করতে দেয়নি।
শুক্রবার সকালে ২নং গৌরীপুর ইউনিয়নের পূর্ব শালীহর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক নূরুল ইসলামের সবজি বাগানের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে আছে। খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুতের তার নুইয়ে পড়েছে গ্রামের গোরস্থান ও স্থানীয় তিনজন কৃষকের জমির ওপর। নুইয়ে পড়া বিদ্যুতের তারে দুর্ঘটনার আশঙ্কায় আমন মৌসুমে কৃষকরা তাদের জমিতে ধানের চারা রোপণ করতে পারছেন না।
আরও পড়ুন: বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) তহুর উদ্দিন বলেন, ঘটনার পর আমাদের লোকজন খুঁটি সংস্কারের পূর্বশালীহর গ্রামে যায়। কিন্তু গ্রামের লোকজন নিজেদের বিবাদের কারণে খুঁটি ঠিক করতে দেয়নি। তারপর আমি আবারও লোক পাঠাবো।
ইত্তেফাক/অনি
