নড়াইলে বোমাসহ আটক ৩

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:০১

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮টি বোমা ও বোমা তৈরির উপকরণসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৫ জুলাই) বেলা ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চন্ডিবরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫),  কালিপদ সাহার ছেলে বিশ্বজিত সাহা (৫১) ও দুলাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮)। এছাড়া রবি বিশ্বাস নামে তাদের এক সহযোগী পালিয়ে যায়। 

র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টা থেকে নড়াইল সদরের চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে আটটি বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গানপাউডার, সার্কিট, তার, ২০টি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল কোম্পানির ৫০টি সিমকার্ড উদ্ধার করা হয়।

আরও পড়ুন:  এই পরাজয় মেনে নেয়া কঠিন: উইলিয়ামসন

তিনি বলেন, দীর্ঘদিন যাবত এই চক্রটি বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

ইত্তেফাক/জেডএইচডি