চন্দনাইশে বন্যায় ব্যাপক ক্ষতি

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০৮:৫৯

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সম্প্রতি কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ নদী ও বরুমতি খালের দুই তীর ভাসিয়ে দেওয়ায় প্লাবিত হয়ে পড়ে চন্দনাইশ। ফলে পানিতে ধসে পড়ে সহস্রাধিক কাচাঁ বসত ঘর।

এরমধ্যে দোহাজারীতে ৩ শত এবং চন্দনাইশ পৌরসভা ও অন্যান্য ইউনিয়নে ৮ শতটি রয়েছে। এছাড়াও সবজি ক্ষেত, মৎস্য খামার,পুকুর ও রাস্তা ঘাটের কোটি কোটি টাকার  ক্ষতি সাধিত হয়েছে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ৪ লাখ পরিবার পানিবন্দি, ৪’শ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সবজি ক্ষেত নামে খ্যাত শঙ্খ নদীর তীর দোহাজারী, জামিজুরী, বৈলতলী ও বরমা এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নে চলতি মৌসুমে ৩ শত ৫২ হেক্টর জমিতে সবজির চাষাবাদে বন্যার পানিতে তলিয়ে গিয়ে সবজির ক্ষতি হয়েছে।

মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, এবারের বন্যায় উপজেলার চার হাজার ৫ শত ৭টি পুকুরের মধ্যে বন্যায় তিন হাজার পুকুর পানিতে ডুবে গেছে। এতে করে  চার কোটি টাকা মূল্যের ৩২০ মেট্রিক টন মাছ এবং ২৫ লাখ মাছের পোনা পানিতে ভেসে গেছে।

প্রকৌশলী মো. বিল্লাল হোসেন জানান, ভারী বর্ষণ ও বন্যার পানি উপচে পড়ে উপজেলার আওতাধীন এলজিইডির সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সবের মধ্যে উপজেলার ২৭টি সড়কের ৬ হাজার ১২৫ মিটার এবং ২টি কালভার্ড রয়েছে।

অন্যদিকে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন চন্দনাইশ উপজেলায় গত বন্যায় মোট ৫টি সড়কের মধ্যে ২৫ কিলোমিটার ক্ষতিসাধিত হয়েছে। এতে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয় বলে দোহাজারী সওজ বিভাগের প্রকৌশলী মো. জাহেদ হোসেন জানান।

ইত্তেফাক/এমআরএম