আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, দলীয় কার্যালয়ে তালা দিয়েছে বিএনপি’র নেতাকর্মীরা

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:০১

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে দলীয় কার্যালয়ে তালা দিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় আহ্বায়ক কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বিএনপি'র নেতাকর্মীরা ওই কমিটি প্রত্যাখ্যান করে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে।  

জানা গেছে, ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি'র মেয়াদোত্তীর্ণ কমিটি গত ১২ জুলাই ধামইরহাটের ফার্শিপাড়া মোজাফফর রহমানিয়া দাখিল মাদরাসা মাঠে কর্মী সভায় মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই সভায় জেলা বিএনপি'র আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টারসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে গত ১৮ জুলাই রাতে জেলা থেকে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের জাহানপুর ইউনিয়নের অন্তর্গত কাজিপাড়া গ্রামের কাউসার হোসেন বুলবুলকে আহবায়ক ফেরদৌস হাসান ও আখড়াজুল ইসলাম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

অপর দিকে আজমল হোসেন চৌধুরী শাহানকে আহবায়ক আমিনুল ইসলাম ও নুরল ইসলামকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটিতে একই ব্যক্তি প্রভাষক আনিছুর রহমান মিন্টু এবং আনিছুর রহমান মিন্টুকে দুই বার সদস্য করা হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব নিস্তারকে উপজেলা ও পৌর বিএনপি'র দুই আহবায়ক কমিটিতে সদস্য রাখা হয়েছে।

উপজেলা বিএনপি'র সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল বলেন, 'বিগত লড়াই সংগ্রামের রাজপথের ত্যাগী নেতাদের বাদ দিয়ে অপরিচিতদের দিয়ে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যার ফলে বিএনপি'র ত্যাগী নেতাকর্মী এ কমিটি মেনে নিতে পারেনি। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা নিয়মতান্ত্রিক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করার জন্য তারা প্রস্তুত রয়েছেন।' 

আরও পড়ুন:  প্রিয়া সাহাকে আইনের আওতায় আনার দাবি ১৪ দলের

সদ্য বিলুপ্ত পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন বলেন, 'ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে ব্যক্তি স্বার্থে এ আহ্বায়ক কমিটি করা হয়েছে। কমিটি বাতিল করা না হলে অধিকাংশ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করবে।' 

এ ব্যাপারে জেলা বিএনপি'র আহবায়ক হাফিজুর রহমান মাস্টার বলেন, 'বড় দলের কমিটি করতে কিছুটা অসন্তোষ থাকবে। সকলেই যোগ্য কাকে ছেড়ে কাকে পদ দেওয়া বড় কষ্টের। তবে অচিরেই এ সমস্যা কেটে যাবে। যাদের নাম দুই কমিটিতে এসেছে তাদের ব্যাপারে সংশোধনী দেওয়া হবে। তবে আহ্বায়ক কমিটির সদস্যদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তুতির খবর আমার জানা নেই।' 

ইত্তেফাক/জেডএইচডি