নাটোর জেলা শহরের চকবৈদনাথপুর এলাকায় আগুনে একটি কার্টুন কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানার মালিকের। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চকবৈদ্যনাথ এলাকার মিজানুর রহমানের দ্বিতল বাড়ির নীচতলায় জুয়েল কার্টুন হাউজ নামে কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫টি মেশিন, হার্ডবোর্ড, কার্টুন সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নেভায়।
কারখানার কর্মচারী মহসিন আলী জানান, কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তা আমার জানা নেই। তবে মাসখানিক পূর্বে আগে একই মালিকের এবং তার ছোট ভাইয়ের দোকানে দুইটি ঘরে আগুন লেগে ভেতরে থাকা সব কার্টুন পুড়ে যায়। কারখানার মালিক সামসু সেখ বলেন, 'আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কিভাবে যে আমার কারখানায় আগুন লাগলো বলতে পারবো না। আমার এখন পথে বসে জোগাড় হয়েছে।'
পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরজু সেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিক কি কারণে আগুনের ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না। তবে আগুনে শামসু মিয়ার সব পুড়ে গেছে।
আরও পড়ুন: আরো কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খান বলেন, 'প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শর্ট-সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে কারখানা মালিকের প্রচুর ক্ষতি হয়েছে।'
ইত্তেফাক/জেডএইচডি

