পারিবারিক কলহের জের ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার পুলেরঘাট বাজার মসজিদ সংলগ্ন মুচি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চন্দন রবিদাস (৩৮) ও ঘাতক আনন্দ রবিদাস (৩২) গোলাপ চান রবিদাসের ছেলে। পুলিশ ঘাতক চন্দন রবিদাসকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পারিবারিক কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। তা দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় গড়ায়। এক পর্যায়ে ছোট ভাই আনন্দ রবিদাস বসত ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাই চন্দন রবিদাসকে উপর্যুপরি তিনটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই চন্দন রবিদাস নিহত হন।
খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক আনন্দ রবিদাসকে আটক করে এবং লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ঝিনাইদহে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মু. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। নিহতের বুকে দুটি ও কপালে একটি ছুরির আঘাত রয়েছে। ঘাতক আনন্দ রবিদাসকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/নূহু

