অবৈধ অনুপ্রবেশ, বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০১:১৯

সীমান্ত অতিক্রম করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুস শুক্কুর (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পরে বিজিবি আহত অবস্থায় তাকে সকাল ১১টায় আটক করে। আটক ব্যক্তি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল মাঝগান্ধাই এলাকার মুরাকিব আলীর ছেলে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বড়লেখার বোবারতল সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও  ২এস এলাকায় এ ঘটনা ঘটে। অনুপ্রবেশের চেষ্টাকারী অন্যান্যরা পালিয়ে গেছে বলে জানা গেছে। 

পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আব্দুস শুক্কুরকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলাে আছে। শুক্রবার রাতে বিজিবির বোবারতল ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেন বাদী হয়ে থানায় এই মামলা করেন।

বিজিবি ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল মাঝগান্ধাই এলাকায় ১২ থেকে ১৪ জনের একটি দল অবৈধভাবে সীমান্তের জিরোলাইন অতিক্রিম করে ভারতে প্রবেশ করে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে পড়লে তারা ধাওয়া করে। এতে অনুপ্রেশকারীরা দৌঁড় দিলে বিএসএফ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে আব্দুস শুক্কুর আহত হলেও অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে সকাল ১১টার দিকে বজিবির বোবারতল ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেনের নেতৃত্বে যাওয়া বিজিবির সদস্যরা আহত অবস্থায় সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও  ২এস এলাকায় আব্দুস শুক্কুরকে আটক করে। আটক শুক্কুর বিজিবির জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অন্যান্যদের নাম বলে। পরে গুলিতে আহত আব্দুস শুক্কুরকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদানের পর পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আব্দুস শুক্কুরকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা হয়েছে। 

আরও পড়ুন: ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে ব্যাপক হারে

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক শুক্রবার রাত সাড়ে ১১টায় বলেন, ‘শুক্রবার সকাল অনুমান সাড়ে ৮টা অথবা ৯টার দিকে বাংলাদেশের কিছু লোক অবৈধভাবে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে। সেটি দেখে বিএসএফ তাদের ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ শর্টগানের গুলি বর্ষণ করে। এতে আব্দুস শুক্কুর নামে একজন আহত হন। বিজিবি তাকে আটক করে তাদের হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা করায়। এরপর রাতে আটক ব্যক্তিসহ ১১ জনের নাম উল্লেখ করে তারা এজাহার দিয়েছে। মামলা হয়েছে।’

ইত্তেফাক/কেকে