সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সুধীজনকে মানববন্ধন করতে দেয়নি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে সুনামগঞ্জ দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করতে চাইলে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগর সভাপতি দীপংকর কান্তি দের নেতৃত্বে জেলা ছাত্রলীগ তাতে বাধা দেয়।
এ সময় ট্রাফিক পয়েন্টে কোন মানববন্ধন করা যাবে না বলে ঘোষণা দেয় ছাত্রলীগ এবং রাস্তা অবরোধ করে মিছিল করতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ঘটনাস্থলে যান। সেখানে মানবন্ধন না করার জন্য সুধীজনকে অনুরোধ জানালে তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেখান থেকে চলে যান।
আরও পড়ুন : দীঘিনালায় ‘গোলাগুলিতে’ তিন ইউপিডিএফ কর্মী নিহত
সুনামগঞ্জ দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আহবায়ক এনামুজ্জামান চৌধুরী বলেন, এখানে কোন রাজনৈতিক দল নেই। আমরা সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চেয়েছিলাম। জানি না জেলা ছাত্রলীগ কেন এমন করছে? আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তবে একটা কথা বলতে চাই অন্যায় চিরদিন থাকেনা, থাকতে পারেনা।
অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখানে হাসপাতালের দুর্নীতি নিয়ে সুধীজনরা মানববন্ধন করতে চাইলে জেলা ছাত্রলীগ তাতে বাধা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এখানে মানববন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে। তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেখানে থেকে মানববন্ধন না করেই চলে যান।
ইত্তেফাক/কেআই

