পীরগঞ্জে ৮ কালাজ্বর রোগী শনাক্ত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৮ জন কালাজ্বরে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আয়োজিত 'স্বাস্থ্যসেবার উন্নয়ন ও কালাজ্বর নির্মূল কর্মসূচি' উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা জনানো হয়। 

এ সময় কালাজ্বর নির্ণয় ও প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি কালাজ্বর নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ডা. অধ্যাপক বেনজির আহমেদ বলেন, 'ভারত, নেপাল ও বাংলাদেশে কালাজ্বরের প্রাদুর্ভাব রয়েছে। বাংলাদেশের প্রায় ৫’শ উপজেলার মধ্যে কমপক্ষে ১'শ টি উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ বিষয়ে এখনই সকলকে সচেতন হয়ে উঠতে হবে। পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের আদিবাসী পল্লী কাঙ্গুরপাড়ার এ রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে সেখানে আদিবাসী পরিবারের ৮ জন কালাজ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। এই রোগ প্রতিরোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।'

তিনি আরও বলেন, 'একজন কালাজ্বরে আক্রান্ত রোগীকে সুস্থ করতে কমপক্ষে সরকারের দেড় লক্ষাধিক টাকার ওষুধ সুবিধা দিতে হয়। দুই সপ্তাহের অধিক জ্বর ও রোগীদের ওজন কমতে থাকবে এবং শরীরে সাদা-সাদা ছোপ-ছোপ দাগ বা গুটি হবে। এতে অনুভূতি থাকবে কিন্তু চুলকানি থাকবে না।'

আরও পড়ুন:  নরসিংদীতে টাকা না পেয়ে স্ত্রীর হাত কেটে দিল স্বামী

মতবিনিময় সভায় পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ইউএনও টিএমএ মমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন বুলেট, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, রওশন আরা আলম রীনা, ওসি সরেস চন্দ্র, শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিনসহ সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি