নারায়ণগঞ্জে ফুটপাতে শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৫

শহরের বিভিন্ন স্থানে ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নারায়ণগঞ্জ সার্কেল। অভিযানে বিভিন্ন স্থানে শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় ডিপিসিডি নারায়ণগঞ্জ পশ্চিম ও পূর্ব দপ্তর একই সময় আলাদা স্থানে উচ্ছেদ অভিযানে নামে। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিপিডিসি নারায়ণগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক সালেক মাহমুদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ (পশ্চিম) দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুর রহমান, নারায়ণগঞ্জ (পূর্ব) দপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান ও সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম।

আরও পড়ুন:  প্রত্যাশা মেটাতে চান সাকিব

অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়কের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে ভাষা সৈনিক সড়কে, এছাড়া কালির বাজার শায়েস্তা খান সড়কের দুই পাশে অবস্থিত ফুটপাতের শতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ডিপিডিসি নারায়ণগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক সালেক মাহমুদ বলেন, ফুটপাতে যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছে তাদের সংযোগ আমরা বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগের আলামত হিসেবে তার, সুইচবোর্ড জব্দ করেছি। যারা অবৈধ সংযোগ নিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তিতে জরিমানা ও মামলাও করা হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আমরা তৎপর। আমাদের এই অভিযান নিয়মিত থাকবে।

ইত্তেফাক/এমআরএম