গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ঘুষিতে ইয়ার হোসেন (৫৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর-তারাগনা চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। ইয়ার হোসেন আরজি সাহাপুর-তারাগনা গ্রামের মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়ার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। একই গ্রামের ফজলুল হক আকন্দের ছেলে মেহেদী আকন্দের কাছে ইয়ার হোসেনের কাজের দুইশ টাকা পাওনা ছিল। বৃহস্পতিবার রাতে তারাগনা চার মাথা মোড়ে পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় মেহেদী আকন্দ ইয়ার আলীকে ঘুষি মারেন। এতে ইয়ার আলী অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গ্রামীণফোনের শেয়ারহোল্ডাররা হারিয়েছেন ১৫ হাজার কোটি টাকা
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআরএম

