পাবনার চাটমোহর থানা পুলিশ শুক্রবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মসজিদপাড়া গ্রামের রোস্তম আলীর স্ত্রী, ২ সন্তানের জননী শান্তি খাতুন (৩২)।
নিহত শান্তির পিতা একই ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের হজরত আলী অভিযোগ করেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার জামাতা রোস্তম আলী বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় শান্তিকে হত্যা করে। পরে প্রচার করা হয় শান্তি হার্ট এ্যাটাক করেছে। হাসপাতালে আনার পথেই সে মারা যায়।
এলাকাবাসী জানান, মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রোস্তম তার স্ত্রীকে মারপিট করতো। ঘটনার রাতেই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে গ্রাম ছাড়লো ধর্ষক
থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। থানায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু

