বরিশালের গৌরনদীতে দাম্পত্য কলহের জের ধরে দোলা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বড়দুলালী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধু দোলা উপজেলার বড়দুলালী গ্রামের ওমান প্রবাসী কিবরিয়া বেপারীর স্ত্রী। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান, ছুটি নিয়ে এক মাস আগে কিবরিয়া ওমান থেকে বাড়ি আসেন। তিনি বিদেশে থাকা অবস্থায় স্ত্রী দোলা বেগমের কাছে সমস্ত টাকা পাঠান। ওই টাকা দোলা তার মার কাছে দেন। দেশে ফিরে স্ত্রীর কাছে পাঠানো সব টাকা ফেরত চান কিবরিয়া।
স্ত্রী ওই টাকা দিতে ব্যর্থ হলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে স্বামী শ্বাশুড়ি বাড়ি না থাকার সুযোগে দোলা আধাপাকা বাথরুমের (টয়লেটে) রুয়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বাথরুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: চবিতে প্রতি আসনে যুদ্ধ করবে ৩৪ শিক্ষার্থী
পুলিশ ঘটনাস্থলে পৌছে দোলার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দোলার লাশ বুধবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/নূহু

