দীপঙ্কর চক্রবর্তী ছিলেন নির্ভিক ও আপোষহীন সাংবাদিক

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৮:৪৮

বগুড়া-৫  শেরপুর-ধুনট) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান বলেছেন, 'দীপঙ্কর চক্রবর্তী ছিলেন নির্ভিক ও আপোষহীন সাংবাদিক। মুক্তিযুদ্ধের চেতনায় বি্শ্বাসী ছিলেন তিনি। সকল মতের মানুষের কাছেও ছিলেন অত্যন্ত প্রিয়। কিন্তু সেই মানুষটিকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।'

বুধবার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি বলেন, 'ঘটনার সময় ও তার পরবর্তীতে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টাও করা হয়েছে। বর্তমান সরকার সেই হত্যারহস্য উদঘাটনে আন্তরিক ছিলো। ইতিমধ্যেই এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জঙ্গিদের চিহ্নিত করা হয়েছে।' এই মামলার বিচার প্রক্রিয়া যেন ত্রুটিমুক্ত হয় এজন্য তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় সংগঠনের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, নির্বাহী সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, অপর নির্বাহী সদস্য আরিফ রেহমান, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী প্রমুখ।  

এবারই প্রথম বিইউজে সাংবাদিকতায় দীপঙ্কর চক্রবর্তী স্মৃতিপদক প্রদান শুরু করেছে। প্রথমবার স্মৃতিপদক পেলেন বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও দৈনিক উত্তরকোণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার এবং মুক্তিযোদ্ধা সাংবাদিক ও দৈনিক কালের খবর পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল মোত্তালিব মানিক।

বগুড়ার শেরপুরে দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের ১৫বছর পূর্তি উপলক্ষে শোক ও স্মরণ সভা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ কার্যালয়ে ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ।

সভার শুরুতেই কালোব্যাচ ধারণ ও প্রয়াত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, দীপঙ্কর চক্রবর্তী সাংবাদিকতায় ন্যায় ও নিষ্ঠার আদর্শের প্রতীক হয়ে থাকবেন। 

উল্লেখ্য, ২০০৪ সালের ২ অক্টোবর রাতে কর্মস্থল দুর্জয় বাংলা পত্রিকার কাজ শেষে নিজ বাড়ি বগুড়ার শেরপুরে ফেরার পথে বাসভবনের সন্নিকটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তিনি। ওই ঘটনায় নিহত সাংবাদিকের বড় ছেলে পার্থসারথী চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘসময় থানা পুলিশ, ডিবি, সিআইডি তদন্ত করে। সর্বশেষ গত ২০১৭ সালে পুলিশ ওই হত্যাকাণ্ডে ইসলামী সঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা বিষয়টি সামনে আনে।

আরও পড়ুন: পদত্যাগী ভিসি নাসির কি এবার আসলেই রাষ্ট্রদূত কিংবা মন্ত্রী হবেন!

দেশের আলোচিত জঙ্গি হামলা হলি আর্টিজেনের অন্যতম আসামি রাজীবগান্ধি এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

ইত্তেফাক/নূহু