গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর ওপরে নির্মিত শেখ লুৎফর রহমান সেতুর টোল ফ্রি চায় গরিব ভ্যান চালকেরা। সেতুটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সঙ্গে বাগেরহাট, চিতলমারী, পিরোজপুরের সংযোগস্থল। দীর্ঘদিন ঝুলে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারি পাটগাতী শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১.০৮ কি.মি. দৈর্ঘ্যের দীর্ঘ প্রতীক্ষিত সেতুটি উদ্বোধনের পর দুই পাড়ের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিলো। তবে সেতুটিতে গরিব ভ্যান চালকদের কাছ থেকে প্রতিবার পারাপারে ৫ টাকা টোল নেয়। এ ব্যাপারে এলাকার গরীব লোকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
গরীব অসহায় ভ্যান চালকেরা বঙ্গবন্ধুর পিতার নামে নামাঙ্কিত সেতুটিতে ভ্যান চালকদের জন্য টোল মুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বড়বাড়িয়ার ভ্যান চালক রাসেক শেখ বলেন, ‘আমি গরীব ভ্যানচালক। সংসারের ৮ জন মানুষ আমার ওপর নির্ভরশীল। ভ্যান চালিয়ে দৈনিক ৩৫০/৪০০ টাকা আয় করি। সেতু দিয়ে দিনে প্রায় ১৫-২০ বার যাত্রী নিয়ে পার হই। আর প্রতিবারই আমার ৫ টাকা করে টোল দিতে হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করি সেতুটিতে যেন টোল মাফ করে দেয়।’
আরও পড়ুন: ফুলবাড়ীয়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
উল্লেখ্য সারাদেশের কোন সেতুতে ভ্যান/রিক্সার টোল নেওয়া হয় না। কেবল এই সেতুটিতে প্রতিবার পারাপারের জন্য ৫ টাকা হারে টোল নেওয়া হয়।
ইত্তেফাক/নূহু

