ইলিশ শিকার ও বহনের দায়ে ১৭ জেলের জেল, জরিমানা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:০৯

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনায় মা ইলিশ শিকার ও বহন করার দায়ে ১৭ জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ইলিশ শিকারের দায়ে ৯ জেলে এবং এক ইলিশ ক্রেতাকে এক বছর করে কারাদণ্ড এবং ইলিশ ক্রয় ও বহন করার দায়ে আরও ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলা পরিষদ কার্যালয়ে আটক ব্যক্তিদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয়ের সহকারী কমিশনার মো. জাকির হোসেন। 

এর আগে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার পদ্মা-যমুনার জাফরগঞ্জ, পাটুরিয়া ঘাট ও আশেপাশের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির হোসেন জানান, সরকারী নির্দেশ অমান্য করে শিবালয়ের পদ্মা-যমুনায় কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের সময় ৯ জেলেকে আটক করা হয়। এছাড়াও ইলিশ ক্রয় ও বহন করার দায়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তি ও জেলেদের নিকট থেকে ২ মণ ইলিশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা মানছে না চীন, ইরানের সঙ্গে তেল বাণিজ্য চলছে

আটক জেলেদের এক বছর করে কারাদণ্ড ও মাছ বহন করার দায়ে ৮ জনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে এক বছরের কারাদণ্ড এবং ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলেদের নিকট থেকে জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। আর জব্দ করা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

ইত্তেফাক/নূহু