নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে ঢাকার দোহারে ৩১ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটকৃতদের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৮ জনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ সাজা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা জানান, বুধবার ভোর ৪টা থেকে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩১ জন মৌসুমি জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, মৌসুমি জেলেদের একটি সিন্ডিকেট রয়েছে। আমরা সেই সিন্ডিকেট খোঁজার চেষ্টা করছি। দ্রুত তাদের সনাক্ত করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: হলগুলোতে দীর্ঘদিনের সমস্যা দূর করা হবে : ঢাবি উপাচার্য
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার এই ১৫ দিনে পদ্মা নদী থেকে প্রায় ২ শতাধিক জেলেকে আটক করে সাজা দেওয়া হয়েছে। তবে তাদের বেশিরভাগই মৌসুমি জেলে। এছাড়া ১০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইত্তেফাক/এএএম

