নির্ভয়া মামলার অন্যতম দোষী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মা সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে আসামিদের পক্ষ থেকে শেষ আইনি প্রচেষ্টা এটি। ভারতের সুপ্রিম কোর্ট দু'দিন আগেই ফাঁসির সাজা শুনিয়েছে চার ধর্ষককে। ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি কার্যকরের আদেশ দেয়া হয়।
চার ধর্ষক মুকেশ সিংহ (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও অক্ষয়কুমার সিংহের (৩১) ফাঁসি হবে তিহার জেলে। মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর কান্নায় ভেঙে পড়ে সাজা প্রাপ্ত অপরাধীরা। শীর্ষ আদালত চারজনের ফাঁসির রায় শুনিয়েছে। ঘটনায় জড়িত বাকি দু'জনের মধ্যে একজনের বয়স আঠারো বছরের কম হওয়ায় নাবালক হিসেবে সে তিন বছর সংশোধনাগারে থাকার পর তাকে মুক্তি দেওয়া হয়। অন্যজন রাম সিংহের মৃত্যু হয় জেলে। ফাঁস লাগা অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়।
গত ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের তরুণী নির্ভয়া তাঁর বন্ধুর সঙ্গে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন দক্ষিণ দিল্লিতে। ফেরার পথে তাঁরা বাসের জন্য দাঁড়িয়েছিলেন। এই সময় একটি ফাঁকা বেসরকারি বাসে তাঁদের তুলে নেওয়া হয়। বাসে ছিল ছ'জন ব্যক্তি। এরপর তারা ওই তরুণীকে ধর্ষণ ও লোহার রড দিয়ে নির্যাতন করে কয়েক ঘণ্টা ধরে। তারপর রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তাঁর সঙ্গীও আহত হন। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর। গোটা দেশ রাগে, ক্ষোভে গর্জে উঠেছিল এমন অমানুষিক বর্বরতার বিরুদ্ধে।
নির্ভয়া মামলা ভারতসহ গোটা বিশ্বেই চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ওই তরুণীর উপরে হওয়া নিষ্ঠুরতায় শিহরিত হয়েছিলেন সকলে। মামলাকে কেন্দ্র করে ধর্ষণ সংক্রান্ত আইনেও কিছু পরিবর্তন আনে ভারত। পাশাপাশি নাবালকদের ক্ষেত্রেও আইনের দৃষ্টিভঙ্গি বদলানো হয়। বিশেষ ক্ষেত্রে তাদের সাবালকদের মতো করে বিচার করার কথা ভাবা হয়।
ইত্তেফাক/আরএ

