ভারতে করোনাভাইরাসে নতুন করে আরো ১৬ জন আক্রান্ত হয়েছে। তবে এদের সবাই ইতালির পর্যটক। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাঁড়ালো।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি ইতালিয় এসব পর্যটক দিল্লিতে আসেন। এরপর রাজস্থানে বেড়াতে যান। সেখানে জয়পুরে ১ পর্যটকের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলে।
পরবর্তীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে, দিল্লি (এআইআইএমএস) সমস্ত পর্যটকদের পরীক্ষা করা হয়েছে৷ তাদের ২১ জনের মধ্যে ১৬ জনের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।
দিল্লির স্বাস্থ্য মন্ত্রী বুধবার বলেন, ১৬ জন ইতালিয় নাগরিকের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। এতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ জন।
এদিকে করোনা আতঙ্কে নয়ডার একটি স্কুল বন্ধ রাখা হয়েছে। স্কুলের নোটিসে জানানো হয়, ক্রমশ পরিস্থিতি খারাপ হওয়ায় স্কুলে পরীক্ষার দিনগুলি পিছিয়ে দেওয়া হলো।
করোনাভাইরাসের জেরে যাতে মানুষ আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন, তার জন্য টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে মানুষকে শান্ত থাকতে বলেছেন এবং ভাইরাস রোধে প্রয়োজনীয় সতর্কতা নিতে বলেছেন।
ইত্তেফাক/এসআর

