সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিলেন রাজা সালমান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:০২

সৌদি পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে আদেল আল-জুবায়েরকে সরিয়ে দিলেন বাদশা সালমান বিন আব্দুলআজিজ।জুবায়েরের  স্থলাভিষিক্ত করেছেন সাবেক অর্থমন্ত্রী ‘ইব্রাহিম আল-আসাফ’কে। খবর আল-জাজিরার।  

অবশ্য জুবায়েরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

সৌদি আরবের মন্ত্রিসভায় ইতিমধ্যে ব্যাপক রদবদল শুরু হয়েছে। তবে এর কারণ হিসেবে সৌদি আরবের সংবাদ মাধ্যমে কোন খবর পরিবেশন করা হয়নি।  

এছাড়া দেশটির মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নেতৃত্বাধীন প্রভাবশালী সৌদি রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদেও পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন বাদশা। তিনি ‘মুসায়েদ আল-আইবান’কে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসিয়েছেন।  

দেশটিতে রাজকীয় ফরমানে ‘আব্দুল্লাহ বিন বান্দার বিন আব্দুলআজিজ’কে ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী, ‘তুর্কি আশ-শাবানা’কে তথ্যমন্ত্রী এবং ‘হামাদ আলে শেইখ’কে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। 

লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ‘মোহাম্মাদ বিন নাওয়াফ বিন আব্দুলআজিজ বিন সৌদ’কেও সরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া সৌদি আরবের আল-আসির অঞ্চলের আমিরের পদ থেকে ‘ফয়সাল বিন খালিদ’কে সরিয়ে ‘তুর্কি বিন তালাল’কে আমিরের দায়িত্ব দেয়া হয়েছে।

রাজার ফরমানে আল-জৌফ অঞ্চলের আমির হিসেবে ‘বদর বিন সুলতান’র স্থলাভিষিক্ত হয়েছেন ‘ফয়সাল বিন নাওয়াফ’। সৌদি রাজার ফরমানে আরো যারা পদচ্যুত হয়েছেন তাদের মধ্যে সৌদি আরবের পর্যটন সংস্থার প্রধান ‘সুলতান বিন সালমান’ রয়েছেন। 

ইত্তেফাক/এসআর