কাশ্মীরে ভারতীয় সেনাকে অপহরণ 

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৯:২৯

ছুটিতে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন ভারতীয় এক সেনা। কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির বর্ষপূর্তির ঠিক আগে এই ঘটনা ঘটলো। 

দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে বাড়ি আসছিলেন কুলগামের ঋষিপোরার বাসিন্দা টেরিটোরিয়াল আর্মির জওয়ান শাকির মনজ়ুর। কিন্তু গতকাল বিকেল থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

পরবর্তীতে জানা যায়,  রামভামা নোহামা এলাকায় মনজ়ুরকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় এক দল অজ্ঞাতপরিচয় বিচ্ছিন্নতাবাদী। পুড়িয়ে দেওয়া হয় তার গাড়ি। মনজ়ুরের খোঁজে কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে ভারতীয় বাহিনী। 

এদিকে কাশ্মীরে  বিশেষ মর্যাদা লোপের বর্ষপূর্তির ঠিক আগে আজ মঙ্গলবার কার্ফু জারি হয়েছে উপত্যকায়। সকালে থেকেই নিষেধাজ্ঞার কড়াকড়ি বাড়িয়েছিল প্রশাসন।  

এনিয়ে শ্রীনগরের জেলাশাসক শাহিদ ইকবাল চৌধুরি এক নির্দেশনায় জানান, ৫ আগস্ট বিশেষ মর্যাদা লোপের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করার পরিকল্পনা করেছে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানি মদতে পুষ্ট শক্তি।  তাই শ্রীনগরে কার্ফু জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত কার্ফু কার্যকর করা হবে। 

ইত্তেফাক/এসআর