ভারতের ৮৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার নয়া দিল্লিতে অবস্থিত সেনাবাহিনীর রিসার্স এন্ড রিফেরাল হাসপাতাল (আরআরএইচ) এ কথা জানিয়েছে। তবে তার ফুসফুস সংক্রমণের কিছু উন্নতি হয়েছে।
বার্তা সংস্থা পিটিআই বলছে, গত ১০ই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এই রাষ্ট্রপতিকে। তার ব্রেনে রক্ত জমাট বাঁধায় অপারেশন করে সেদিনই তা অপসারণ করা হয়। এরপর থেকেই কোমায় রয়েছেন তিনি। সেই সঙ্গে করোনায় আক্রান্ত প্রণব মুখার্জীকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।
প্রণব মুখার্জীর ছেলে ও সাবেক এমপি অভিজিত মুখার্জী টুইট বার্তায় জানান, তার পিতার গুরুত্বপূর্ণ অন্যান্য প্যারামিটার বা অঙ্গপ্রত্যঙ্গ নিয়ন্ত্রণে রয়েছে। আমার বাবা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই।
আরও পড়ুন: পাকিস্তানে শুরু হচ্ছে চীনা ভ্যাকসিনের ট্রায়াল
তবে হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, প্রণব মুখার্জীর মেডিকেল অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম বর্তমানে তাকে দেখাশোনা করছেন।
ইত্তেফাক/আরআই

