ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনার মধ্যেই তুরস্ক এবার উত্তর-পশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহব্যাপী সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এ মহড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, শুক্রবার রাতে দেওয়া এক ঘোষণায় এমনটাই জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা হুমকিকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে অভিহিত করেছে তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে।
মার্কিন নেতৃত্বাধানী সামরিক জোট ন্যাটোর এই দুই সদস্যের মধ্যে সামুদ্রিক সীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। কিছুদিন আগে গ্রিস ও তুরস্ক উভয়েই ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মহড়া চালিয়েছিল। চলতি মাসে আঙ্কারা ঐ অঞ্চলে একটি অনুসন্ধানকারী নৌযানও পাঠিয়েছিল। শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার তাদের বেশ কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমান গ্রিসের ছয়টি এফ-১৬ জঙ্গি বিমানকে তুরস্ক কাজ করছে এমন একটি এলাকায় প্রবেশ করতে দেয়নি। আঙ্কারা পরে এক ঘোষণায় শনিবার থেকে উত্তরপশ্চিম সাইপ্রাসের কাছে দুই সপ্তাহের মহড়ার প্রস্তুতি নিতে নৌসেনাদের নির্দেশ দেয়। ভূমধ্যসাগরের এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে ফ্রান্সও। দেশটি চলতি মাসের মাঝামাঝি বিরোধপূর্ণ অঞ্চলটিতে রাফাল যুদ্ধবিমান ও নৌবাহিনীর একটি রণতরি পাঠানোর ঘোষণা দিয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য গ্রিসের সঙ্গে বিবাদে জড়ানো আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ?হুমকি দিয়েছে ইইউ। কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে তা সেপ্টেম্বরের শেষদিকে এক সম্মেলনে ঠিক করা হবে বলে শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল জানিয়েছেন। এদিকে এর এক দিন পর শনিবার তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা হুমকিকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে অভিহিত করেছে তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে। টুইটারে তিনি বলেন, ‘পূর্ব ভূমধ্যসাগরে আমাদের মহীসোপানে তুরস্কের কর্মকাণ্ডের ব্যাপারে সংলাপের আহ্বান এবং একই সঙ্গে অন্য পরিকল্পনা তৈরি করা ইউরোপীয় ইউনিয়নের জন্য ভণ্ডামিপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘আমরা শান্তি এবং কূটনীতির ভাষায় দক্ষ, কিন্তু যখন তুরস্কের অধিকার ও স্বার্থ রক্ষার ব্যাপার আসে, তখন প্রয়োজনীয় কাজ করতে আমরা দ্বিধা করি না। এটা যে কারো চেয়ে বেশি ভালো জানে ফ্রান্স এবং গ্রিস ।’ রয়টার্স ও আলজাজিরা
ইত্তেফাক/আরআই

