উধমপুর হাসপাতালে ৩৫ 'ভারতীয়' ভেন্টিলেটর সরবরাহ

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৮:১৭

বিশ্বব্যাপী চলমান করোনা সংকট মোকাবেলা ও আক্রান্তদের চিকিৎসায় জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা হাসপাতালে ৩৫টি 'ভারতে তৈরি' ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর সাহায্য ও ত্রাণ তহবিল থেকে ভেন্টিলেটরগুলো প্রদান করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে উধমপুর জেলা হাসপাতালের চিকিৎসক ড. বিজয় রাইনা জানান, অত্যন্ত কম সময়ের মধ্যেই সবগুলো জেলা হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করেছে সরকার। শিগগিরই আমরা আমাদেরগুলো স্থাপন করবো।

আগে শুধু মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ভেন্টিলেটর সুবিধা ছিল। তাই আমরা অসুস্থ রোগীদের সেই সব হাসপাতালে পাঠাতাম। তবে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় তাদের ভেন্টিলেটরের ব্যবস্থা করে দিতে আমাদের সমস্যা হচ্ছিল।

স্বল্প সময়ে জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসা ৯০ শতাংশ রোগীরাই ঘরে সেবা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। তবে যারা প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে আসতেন, তাদের জন্য আমাদের কিছুই করার ছিল না। আর এখন আমরা এখানেই তাদের সেবা দিতে পারবো

সরকারের এমন কার্যক্রম ও জেলা হাসপাতালে নতুন চিকিৎসা সরঞ্জাম স্থাপনের বিষয়ে সন্তুষ্ট উধমপুরের স্থানীয় বাসিন্দারাও। আশিষ নামে এক বাসিন্দা জানান, এই সঙ্কটকালে এটা উধমপুরের জনগণের জন্য সরকারের উপহার। এজন্য তাদের ধন্যবাদ। এর মাধ্যমে পুরো উধমপুরের জনগণ সেবা পাবে।

ইত্তেফাক/জেডএইচডি