জার্মান মন্ত্রীর চোখে মার্কিন প্রেসিডেন্ট ‘বেহায়া’ মানুষ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০

জার্মান পররাষ্ট্র মন্ত্রী হাইকো মাশ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ‘বেহায়া’ মানুষ। তার কোনো বিবেচনাবোধ নেই। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়ে তিনি তার সমর্থকদের বলেছেন, তারা যেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুই বার ভোট দেন। এটা বেআইনি আহ্বান। একজন নাগরিকের দুই বার ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ সেটা করলে আইনের মাধ্যমে তার শাস্তি প্রাপ্য। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করার জন্য উসকানি দিয়েছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমেরিকার সঙ্গে আমাদের অবিশ্বাস্য রকম শক্তিশালী দ্বিপাক্ষিক বন্ধন রয়েছে। তারা আমাদের কাছের কৌশলগত অংশীদার। সেই দেশের প্রেসিডেন্ট যদি মনে করেন যে তাকে দ্বিতীয় বার ভোটে জেতার জন্য তার সমর্থকদের দুই বার ভোট দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে সেটা শোনা আমাদের জন্য বিব্রতকর। আমরা তার প্রতি ভীষণ বিরক্ত। আমাদের বিশ্বাস, মার্কিন জনগণ তাদের বিচারবুদ্ধি দিয়েই ঠিক করবে—কাকে ক্ষমতায় আনবেন।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, তার সমর্থকরা যেন একটি মেইল-ইন ব্যালট ব্যবহার করে ভোট দেন। তারপরে সশরীরে কেন্দ্রে গিয়ে যেন আরেকটি ভোট দেন! তার এই মন্তব্য ঘিরে ব্যাপক বির্তক শুরু হয়েছে ট্রাম্পের বিপক্ষ শিবিরে। —এনডিটিভি