এরদোয়ানকে ‘প্রধান উসকানিদাতা’ বললেন আসাদ

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০৯:২০

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানকে নাগোরনো-কারাবাখ নিয়ে লড়াইয়ের প্রধান উসকানিদাতা হিসেবে উল্লেখ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মঙ্গলবার রাশিয়ার বার্তা সংস্থা আরআইএকে দেওয়া এক সাক্ষাত্কারে আসাদ এ মন্তব্য করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

আঙ্কারা ঐ অঞ্চলে যোদ্ধাদের পাঠাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিতর্কিত ঐ অঞ্চলটি নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তীব্র লড়াই চলছে। এরই মধ্যে লড়াই ১৯৯০ দশকের পর সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়েছে। এ লড়াইয়ে ভাড়াটে সৈন্যদের পাঠানোর কথা অস্বীকার করেছে আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক।

আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অংশ হলেও সেখানে বসবাসকারী আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে। প্রতিবেশী আর্মেনিয়া তাদের সব ধরনের সাহায্য, সহযোগিতা দিচ্ছে।

সাক্ষাত্কারে আসাদ বলেন, ‘লিবিয়ার সন্ত্রাসীদের সমর্থন দিয়েছেন তিনি (এরদোয়ান), নাগোরনো-কারাবাখে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সাম্প্রতিক সংঘাতের রূপকার ও উসকানিদাতাও তিনিই।’ সিরিয়া থেকে উগ্রপন্থিদের নিয়ে এসে এ লড়াইয়ে লাগানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথম এ অভিযোগ তুলে বলেছিলেন, তুরস্ক সিরিয়ার জঙ্গিদের সেখানে লড়াই করতে পাঠাচ্ছে। তখনই অভিযোগ অস্বীকার করেছিল তুরস্ক ও আজারবাইজান। সিরিয়ার যোদ্ধারা আজারবাইজানের হয়ে লড়াই করছে, দামেস্ক এটি ‘নিশ্চিত করতে পারবে’ বলে দাবি করেছেন আসাদ।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ১০ দিন ধরে চলা লড়াই বিস্তৃত হতে থাকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ লড়াই একটি বিস্তৃত আঞ্চলিক লড়াইয়ে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আর্মেনিয়ার সামরিক মিত্র রাশিয়া ও আজারবাইজানের ঐতিহ্যগত মিত্র তুরস্ক এ যুদ্ধে জড়িয়ে পড়তে পাড়ে, এমন আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে।